
মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা ঃ
গাইবান্ধার কুপতলা রেলস্টেশনটি দীর্ঘ ১৫ বছর ধরে বন্ধ থাকায় স্থানীয় হাজারো মানুষ রেলসেবা থেকে বঞ্চিত রয়েছেন। একসময় এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত এই স্টেশনটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মূলত লোকবল সংকটের কারণেই স্টেশনটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এরপর আর তা চালুর কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
গাইবান্ধা রেলস্টেশনের বর্তমান স্টেশন মাস্টার সুমিত সরকার বলেন,জনবল সংকটের কারণে কুপতলা রেলস্টেশনের গত ১৫ বছর আগে কার্যক্রম বন্ধ করা হয়েছিল। প্রয়োজনীয় জনবল ছাড়া স্টেশন চালু রাখা সম্ভব হয়নি জন্য।
কুপতলা গ্রামের সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বলেন,এই স্টেশনটি চালু থাকলে এলাকার মানুষের যাতায়াত অনেক সহজ হতো। দীর্ঘদিন বন্ধ থাকায় মানুষ এখনো দুর্ভোগ পোহাচ্ছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন,কুপতলা রেলস্টেশন চালু করা এখন সময়ের দাবি। এটি পুনরায় চালু হলে এলাকার অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে।
এলাকার যাত্রীরা জানান, রেলস্টেশন বন্ধ থাকায় তাদের বিকল্প পরিবহনের ওপর নির্ভর করতে হচ্ছে, যা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। এক যাত্রী বলেন, রেলসেবা বন্ধ থাকায় আমাদের দূরে গিয়ে ট্রেন ধরতে হয়। এতে সময় ও খরচ দুটোই বেড়েছে।
অন্যদিকে, স্টেশনসংলগ্ন দোকানদারদের ব্যবসাও প্রায় বন্ধ হয়ে গেছে। এক দোকানদার বলেন,
“স্টেশন বন্ধ হওয়ার পর থেকেই আমাদের আয় কমে গেছে। আগে যাত্রীদের ওপরই ব্যবসা চলত, এখন তা নেই।
স্থানীয়দের দাবি, দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে কুপতলা রেলস্টেশনটি পুনরায় চালু করা হোক। অন্যথায় এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই রেলসেবা থেকে বঞ্চিত থাকবেন।




























