
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাত্র ১০ হাজার টাকা বকেয়া দোকান ভাড়া চাওয়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর হোসেন (৫৮) নামে এক দোকান মালিককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজারে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর হোসেন ওই এলাকার তালেব আলীর ছেলে এবং পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। তার মালিকানাধীন সালমদী বাজারে একটি মুদি দোকানসহ মোট চারটি দোকান রয়েছে।
পরিবারের বরাতে জানা গেছে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুর রহমান সুমনের অনুসারী ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার বছরখানেক আগে তার বাবার কাছ থেকে ৩০ হাজার টাকায় তিনটি দোকান ভাড়া নেন। এর মধ্যে একটিতে স্থানীয় বিএনপির কার্যালয় চালু করা হয়। বাকি দুই দোকানের ভাড়া দিলেও বিএনপি কার্যালয় হিসেবে ব্যবহৃত দোকানটির ১০ হাজার টাকা ভাড়া পরিশোধ করা হয়নি।
বুধবার সকালে জাহাঙ্গীর হোসেন বকেয়া ভাড়া চাইতে বিএনপি কার্যালয়ে গেলে তোতা মেম্বারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তোতা মেম্বার তাকে চড় মারেন। পরে তোতার ছেলে খোকন, রাসেল, ভাতিজা সাদ্দাম ও আলমসহ কয়েকজন মিলে জাহাঙ্গীরকে এলোপাতাড়ি মারধর করে। গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, “ঘটনার সত্যতা পাওয়া গেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।”





























