
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের জালাকান্দী কবরস্থান এলাকায় গরুবাহী একটি পিকআপ ভ্যান উল্টে আব্দুর রাজ্জাক (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন জুয়েল (৫৫) ও আবুল হোসেন (৪৪)। নিহত রাজ্জাক রূপগঞ্জ উপজেলার পবনকুল গ্রামের বাসিন্দা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোশারফ হোসেন জানান, দুর্ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হলে আব্দুর রাজ্জাককে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত জুয়েল ও আবুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের মেয়ে রাজিয়া সুলতানা জানান, তার বাবা আব্দুর রাজ্জাক একজন গরু ব্যবসায়ী ছিলেন। তিনি একটি পিকআপ ভ্যানে করে গরু নিয়ে বিশনন্দী গরুর হাটে যাচ্ছিলেন। জালাকান্দী এলাকায় অপর একটি গাড়িকে সাইড দিতে গিয়ে পিকআপটি উল্টে যায়।
ঘটনার বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





























