
নারায়ণগঞ্জের আড়াইহাজারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রুবেলকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তারকৃত মো. রুবেল আড়াইহাজার উপজেলার ঋষেরচর এলাকার রেহাজউদ্দিনের ছেলে।
র্যাব-১১ জানায়, বুধবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আড়াইহাজার উপজেলার বাগবাড়ী এলাকার শাহাদাত মিয়ার বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেয় র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জ এবং সিপিএসসি নরসিংদীর যৌথ আভিযানিক দল।
এজাহার ও র্যাব সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১ অক্টোবর সকালে আড়াইহাজার উপজেলার মনোহরদী ঋষেরচর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে রুবেল (২৫) নামের এক যুবককে মারধর করে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত একাধিক আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এর মধ্যে অন্যতম আসামি মো. রুবেল রায় ঘোষণার আগেই আত্মগোপনে চলে যান।
তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে দীর্ঘদিন পর তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে জানায় র্যাব। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।





























