
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি মনোনীত এমপি প্রার্থী নজরুল ইসলাম আজাদ–সমর্থিত সাবেক ছাত্রদল নেতা আমির হোসেনের প্রাইভেট কারে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও গাড়ির সামনের ও পাশের কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে আড়াইহাজার উপজেলার বাঘানগর এলাকায় আড়াইহাজার–বিশনন্দি ফেরিঘাট বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।
আমির হোসেন জানান, তিনি কালো রঙের একটি প্রাইভেট কারে করে নিজ বাড়ি শ্রীনিবাসদীর দিকে যাচ্ছিলেন। এ সময় গাড়ির সামনের পাশের আসনে ছিলেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাদেকুর রহমান সাদেক। বাঘানগর এলাকার শফিকুল হাজীর স’মিলের সামনে পৌঁছালে একই দিক থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা অজ্ঞাতনামা দুই ব্যক্তি তাদের গাড়ির কাছাকাছি এসে চলন্ত অবস্থায় গাড়ির ডান পাশের কাচ ও সামনের কাচ লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়।
গুলির ঘটনায় গাড়ির কাচ ভেঙে গেলেও আমির হোসেন ও তার সঙ্গে থাকা সাদেকুর রহমান অক্ষত রয়েছেন।
ঘটনার পর স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা এ ঘটনায় জড়িত এবং কী কারণে গুলিবর্ষণ করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




























