
মোঃ জমশেদ আলী বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :নবম পে-স্কেল গেজেট দ্রুত বাস্তবায়নের দাবিতে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় কয়েকজন কর্মচারী আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন, যা উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।সোমাবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। মানববন্ধনে তারা ব্যানার-ফেস্টুন হাতে দাঁড়িয়ে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে স্লোগান দেন।বক্তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সীমিত বেতনে সংসার চালানো অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। সন্তানদের পড়াশোনা, বাসাভাড়া, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে। দ্রুত নবম পে-স্কেল বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।একজন কর্মচারী বক্তব্য দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বেতন দিয়ে সংসার চালানো যাচ্ছে না, ধার-দেনা করে চলতে হচ্ছে। আমাদের কষ্টের কথা সরকারকে বুঝতে হবে।” তার এই আবেগঘন বক্তব্যে অনেকেই আপ্লুত হয়ে পড়েন।এ সময় স্লোগানে স্লোগানে পুরো উপজেলা চত্বর মুখরিত হয়ে ওঠে। পরে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।




























