
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশের মাদকবিরোধী ঝটিকা অভিযান চালিয়ে ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রোয়াচালা গ্রামের মৃত মোক্তল এর ছেলে মোঃ সাগর হোসেন ও তার স্ত্রী আমেনা বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, রোয়াচালা গ্রামে মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই রিয়াজুল মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ রোয়াচালা গ্রামে অভিযান চালিয়ে মোঃ সাগর হোসেন ও তার স্ত্রী আমেনা বেগম কে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ তল্লাশি চালিয়ে তাদের নিকট থেকে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫শত টাকা উদ্ধার করে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাদের জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, মাদক নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



























