
হবিগঞ্জের বাহুবল উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের ডুবাঐ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লোকমান মিয়া (২৫) পুটিজুরী ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ঢাকাগামী মিতালী পরিবহণের একটি বাসে এক যাত্রীর সঙ্গে হেলপারের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা চালক ও হেলপারের সঙ্গে তুমুল বাকবিতণ্ডা ও ধস্তাধস্তিতে রূপ নেয়। ওই যাত্রীর আচরণে বাসে আতঙ্ক ছড়িয়ে পড়লে কয়েকজন যাত্রী ডাকাত সন্দেহে চিৎকার শুরু করেন।
এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই বাসটি ডুবাঐ বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি সড়কে উল্টে যায়। এ সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই পথচারী লোকমান মিয়ার মৃত্যু হয়। দুর্ঘটনায় বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। তবে পুরো ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সিলেট-ঢাকা মহাসড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেয়।
#আলোকিত সকাল/ফাহাদ





























