
নারায়ণগঞ্জ: “৪র্থ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা - ২০২৫” এ দ্বিতীয় স্থান অর্জন করেছে এম.এ. স্বপন ইসলামিক মডেল স্কুল। গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ বিজ্ঞান ক্লাবের আয়োজনে ২৩ ও ২৪ জুলাই অনুষ্ঠিত এই দুই দিনব্যাপী আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাশফাকুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহা।
বিচারক প্যানেলে ছিলেন দেশের খ্যাতনামা একাডেমিক ব্যক্তিত্ব— বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. রিফাত শাহরিয়ার এবং ইউনিসেফ লিডারশিপ প্রোগ্রাম ট্রেইনার অধ্যাপক ড. ফারজানা আলম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন।
এম.এ. স্বপন ইসলামিক মডেল স্কুল এ বছর মেলায় “Smart School” এবং “Student Assistant AI Robot” নামে দুটি প্রজেক্ট উপস্থাপন করে। বিজ্ঞান শিক্ষক মুহাম্মদ আল-আমিনের নেতৃত্বে ছয় সদস্যের দল অংশ নেয়। দলের টিম লিডার ছিলেন মো. তাসফিক আহমেদ। অন্যান্য সদস্যরা হলেন রাইয়ান শেখ, ঈশান মাহমুদ, ইয়ামিন হোসেন, মো. তামিম ও সালমান আহমেদ সিয়াম।
উল্লেখ্য, গত বছরও একই মেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছিল প্রতিষ্ঠানটি। এই ধারাবাহিক সাফল্যে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস ও অনুপ্রেরণা লক্ষ করা গেছে।
এবারের মেলায় প্রথম স্থান অধিকার করে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল।
প্রতিষ্ঠানটির সভাপতি এস.এম. আসলাম ও প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম প্রজেক্ট সংশ্লিষ্ট বিজ্ঞান শিক্ষক, টিম লিডার এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান।





























