
মোঃ সাইফুল ইসলাম
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে ভুঁইয়া ফেব্রিকস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
১১ মার্চ বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় অবস্থিত ভূঁইয়া ফেব্রিকসের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে।
স্থানীয় ও বিক্ষুব্ধ শ্রমিক সূত্রে জানা যায়, ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন উপজেলার খাদুন এলাকার ভূঁইয়া ফেব্রিকস পোশাক কারখানায় ৪'শ শ্রমিক কাজ করে। শ্রমিকদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদের বোনাস বকেয়া থাকলেও মালিকপক্ষ তা দেই দিচ্ছি বলে টালবাহানা করে আসছিলেন। বুধবার সকালে তারা বেতন বোনাসের দাবি জানালে মালিকপক্ষ থেকে শ্রমিকদের জানানো হয় বকেয়া বেতন ও ঈদ বোনাস ১৮ মার্চ পরিশোধ করা হবে। এতে ক্ষিপ্ত হয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখেন। এর ফলে ঢাকা সিলেট মহাসড়কে দীর্ঘ ৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এ সময় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে মালিকপক্ষ আগামীকাল ১২ মার্চ বেতন ও বোনাস দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে পুনরায় কাজে যোগ দেয়। এর পরপরই সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই )হুমায়ূন আহমেদ বলেন, মালিকপক্ষ আগামীকাল শ্রমিকদের বেতন প্রদানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ উঠিয়ে কাজে যোগ দেয়।





























