
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী এলাকায় জেলা প্রশাসনের বিশেষ অভিযানে দুটি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ এবং ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি ) জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ফায়ার সার্ভিস এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন অভিযানে প্রসিকিউশন প্রদান করেন। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী মেসার্স জাফর ব্রিকসকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স নবীন ব্রিকসের কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।
ভাটার কাঁচা ইট ও কিলনে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ধ্বংস করা হয়। এতে ইটভাটাটির কার্যক্রম সম্পূর্ণভাবে অকার্যকর করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা এবং বায়ুদূষণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





























