
“পর্যায়ক্রমে বন্ধ থাকা সব টেক্সটাইল ও জুট মিল চালু করা হবে”এমন মন্তব্য করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, “সারা বাংলাদেশে বন্ধ মিলগুলো বিশেষ করে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনস্থ টেক্সটাইল ও জুট মিলগুলো পরিদর্শন করছি। পর্যায়ক্রমে দেশি-বিদেশি বিনিয়োগকারী এনে আমরা এসব শিল্পপ্রতিষ্ঠান চালুর প্রক্রিয়া শুরু করেছি।”
রোববার (১২ এপ্রিল) সকালে বন্ধ থাকা নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “নীলফামারী জেলার প্রাচীনতম প্রতিষ্ঠান দারোয়ানী টেক্সটাইল মিল পরিদর্শনে এসেছি। মিলটি বর্তমানে বন্ধ রয়েছে। আমাদের নির্বাচনী ইশতেহারে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল যে, সারাদেশে বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলো—বিশেষ করে টেক্সটাইল ও জুট মিল পুনরায় চালু করা হবে। সেই লক্ষ্যেই আমরা কার্যক্রম শুরু করেছি।”
দারোয়ানী টেক্সটাইল মিল আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পুনরায় সচল হবে উল্লেখ করে তিনি বলেন, “একটি সুখবর হলো, এই মিলটি নিয়ে ইতোমধ্যে আমরা আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করেছি। মূল্যায়ন প্রক্রিয়া চলছে। আমরা একজন ভালো বিনিয়োগকারীও পেয়েছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে, বিশেষ করে দুই থেকে তিন মাসের মধ্যে এই মিলটি আবারও চালু হবে এবং এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”
শরীফুল আলম বলেন, “আমাদের শিল্পায়নের যেসব জায়গা বন্ধ রয়েছে, সেগুলো চালু করা, কর্মসংস্থান সৃষ্টি করা এবং বিনিয়োগ বৃদ্ধি করাই লক্ষ্য। যত বেশি বিনিয়োগ আনা সম্ভব হবে, তত বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। এতে জেলা পর্যায়ের প্রান্তিক মানুষের মাঝে আবারও আশার সঞ্চার হবে।”
তিনি আরও বলেন, “গত ১৭ বছর দেশের অর্থনৈতিক কার্যক্রম স্থবির ছিল। অনেক অনিয়ম ও অসামঞ্জস্যতা ছিল। আমরা পেছনে যেতে চাই না, সামনে এগিয়ে যেতে চাই। সরকারের মূল লক্ষ্য হলো বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা।”
সোনালী আঁশ পুনরুদ্ধারে নেওয়া উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, “পাট আমাদের ঐতিহ্যবাহী সোনালী আঁশ। এটি অনেকটাই হারিয়ে যেতে বসেছে। এটি পুনরুদ্ধারের জন্য আমরা নানা কর্মসূচি নিয়েছি। পাট জাগের জন্য পানির সংকট নিরসনে খাল খনন কর্মসূচি আবারও শুরু হয়েছে, যাতে প্রতিটি এলাকায় পানির প্রবাহ নিশ্চিত করা যায় এবং প্রাকৃতিকভাবে পাট জাগ দেওয়া সম্ভব হয়। পাশাপাশি পাটচাষিদের প্রযুক্তিগত সহায়তা, উন্নত বীজ সরবরাহ ও গবেষণার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা হবে।”
টেক্সটাইল মিল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ক্লাসিকাল হ্যান্ডমেড প্রডাক্ট বিডি কারখানা পরিদর্শন করেন।
এ সময় নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এ.বি.এম. ফয়জুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।






































