
পাকুন্দিয়া সংবাদদাতা:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোবাইল কোর্টের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ টিম।
অভিযানে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হোসেন।বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধনী ২০১০) এর আওতায় পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে কোদালিয়ায় অবস্থিত ‘মেসার্স মকবুল স্টোর’ নামক একটি গোডাউন থেকে ৪,৪২৫ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক জিএম নজরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মমিন ভূঁইয়াসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অভিযান চলাকালে স্থানীয় জনগণের মধ্যে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের পরিবেশগত ক্ষতি সম্পর্কে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। জনসাধারণকে পলিথিনের বিকল্প ব্যবহার করতে উৎসাহিত করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে সহযোদ্ধা হিসেবে যুক্ত থাকার আহ্বান জানানো হয়।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশবিধ্বংসী নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।





























