
কৃষ্ণ চন্দ্র দাস, ফেনী
ফেনীর ছাগলনাইয়া উপজেলার চাঁদগাজী বটতলী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বাজারের একটি অংশে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় একের পর এক দোকান। আগুনে পুড়ে যায় অন্তত ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ফেনী ও ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফায়ার সার্ভিসের তৎপরতায় পাশের দোকান ও মার্কেটগুলো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা পুলক কান্তি বড়ুয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিস্তারিত তদন্তের পর সঠিক কারণ নিশ্চিত করা যাবে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. আরমান বলেন, “ঘটনার খবর পেয়ে ছুটে এসে দেখি দোকানে আগুন ধরে গেছে। চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে গেল। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে অনেক ক্ষতি হয়ে গেছে।”
যেখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির ধারণা দেওয়া হয়েছে, সেখানে স্থানীয় ব্যবসায়ীরা দাবি করছেন, আগুনে অন্তত ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।





























