
।সুজন তালুকদার ছাতক প্রতিনিধিজাতীয় নদী রক্ষা কমিশন-এর পরিচালক (উপসচিব) খোকন কান্তি সাহা ছাতক উপজেলার বোকা নদীর দখল, দূষণ ও নাব্যতা সংকটের বর্তমান বাস্তব চিত্র সরেজমিনে পরিদর্শন করেছেন। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় তিনি উপজেলার জাউয়া বাজার সংলগ্ন নদী ও আশপাশের পরিবেশ পরিস্থিতি ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি নদীর বিভিন্ন স্থানে অবৈধ দখল, অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলা এবং নাব্যতা হ্রাসের উদ্বেগজনক চিত্র প্রত্যক্ষ করেন। এ সময় তিনি নদী ভাঙন রোধ, অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। তিনি উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, নদী রক্ষা ও পরিবেশ সংরক্ষণে সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি। পাশাপাশি নিয়মিত তদারকি, আইন প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ছাতক উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডিপ্লোম্যাসি চাকমা, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সৈয়দুজ্জামান নাহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। এদিকে স্থানীয় বাসিন্দারা বোকা নদীর দখল ও দূষণ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।



























