
আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফে ওয়ারেসুল আম্বিয়া, সুলতানুল আউলিয়া, হাজত রাওয়া, মুশকিল কুশা, নূরে জাহাঁগির, গাউছে জামান হযরত শাহ্সুফি সৈয়্যদ আমজাদ আলী নুরুল হুদা আল কাদেরী ওয়াল চিশতী, ওয়াল আবুল উলায়ী, ওয়াল মুনয়েমী, ওয়াল জাহাঁগিরি (রহ.)'র ৯০তম বার্ষিক ওরশ শরীফ যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
২১ ফেব্রুয়ারি বাদে জোহর থেকে ওরশ শরীফ উপলক্ষে পবিত্র খতমে কোরআন, জিকির-আজকার, মিলাদ-কিয়াম, মাহফিল ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। ওরশ মাহফিল দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন, পীরে কামেল হযরতুলহাজ্ব শাহ্সুফি সৈয়্যদ মাওলানা মোহাম্মদ আলী শাহ্ (মা.জি.আ.)'র সভাপতিত্বে ওরশ মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ, উপস্থিত ছিলেন দরবার শরীফের সাহেবজাদাবৃন্দ, মির্জাখীল জাহাঁগিরিয়া দরবার শরীফের সাহেবজাদাগণ ও প্রখ্যাত আলেম-ওলামা, মাশায়েখে কেরাম এবং ত্বরিকতের অসংখ্য ভক্ত-মুরিদান।
দরবার শরীফের বড় শাহজাদা মাওলানা মো. আহসান আলী জানান, ওরশ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্ত-মুরিদানদের জন্য দরবার প্রাঙ্গণ ও মুসাফির ভবনে থাকার সুব্যবস্থা করা হয়।
সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসন এবং দাওয়াতে সুফি বাংলাদেশের প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক সম্মিলিতভাবে দায়িত্ব পালন করেন।
ওরশ শরীফের সমাপ্তিতে হযরত কেবলা কা‘বা আলম তাঁর মূল্যবান নসিহত প্রদান করেন এবং দেশ-জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
পরে তবারুক বিতরণের মাধ্যমে পবিত্র ওরশ শরীফের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়।





























