
মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা ঃ
গাইবান্ধা সদর উপজেলার ৫নং বল্লমঝাড় ইউনিয়নের ধানঘড়া চারমাথা এলাকায় একটি চা দোকানের আড়ালে প্রকাশ্যে গাঁজা বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, “বাবু” নামে এক ব্যক্তি দীর্ঘদিন বাইরে থাকার পর এলাকায় ফিরে এসে চা দোকান স্থাপন করেন এবং সেই দোকানের আড়ালে কিছু কথিত প্রভাবশালীর সহযোগিতায় মাদক ব্যবসা পরিচালনা করছেন।
স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের অভিযোগ অনুযায়ী, সন্ধ্যার পর বিভিন্ন এলাকা থেকে কিশোর ও তরুণরা ওই স্থানে এসে গাঁজা ক্রয় করে নিয়ে যায়। এতে এলাকায় সামাজিক অবক্ষয় এবং তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে বলে তারা জানান।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন স্থানীয় অভিভাবক বলেন,এভাবে প্রকাশ্যে মাদক বিক্রি চলতে থাকলে আমাদের সন্তানরা বিপথে চলে যাবে। দ্রুত প্রশাসনের কঠোর ব্যবস্থা প্রয়োজন।”
তিনি আরো জানান, অনেক দিন ধরে বিষয়টি চললেও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। প্রভাবশালী কিছু লোকের কারণে বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে।
এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান জুলফিকার জানান, অভিযোগের বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে আছি। কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রমাণিত হলে ছাড় দেওয়া হবে না।”
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম
সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে অভিযুক্ত চা দোকানদার বাবুর বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোন বক্তব্য দিতে রাজি হননি।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত অভিযান ও কঠোর আইনগত ব্যবস্থা না নিলে এলাকায় মাদক বিস্তার আরও ভয়াবহ রূপ নিতে পারে।




























