
পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। যা চলবে আগামী ১৩ মে পর্যন্ত।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এবার অংশ নেবে সর্বমোট ১ লাখ ৮২ হাজার ৪১০ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৭০ জন এবং ছাত্রী ৮৯ হাজার ৭৪০ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে গতবারের তুলনায় এবার পরীক্ষার্থী এবং বিদ্যালয়ের সংখ্যা কমলেও বেড়েছে কেন্দ্রের সংখ্যা।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৯৭ হাজার ৭০৮ জন, মানবিক বিভাগে ৮২ হাজার ৩৮৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১৭ জন।
এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৪৯ হাজার ৬৪৩ জন।
অনিয়মিত ৩২ হাজার ৪৪৩ জন এবং জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৩২৪ জন।
অনিয়মিত ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের মধ্যে এক বিষয়ের জন্য অংশ নেবে ১৮ হাজার ৭৫৩ জন, দুই বিষয়ের জন্য ৭ হাজার ৬৮০ জন, তিন বিষয়ের জন্য ২ হাজার ৪১৯ জন, চার বিষয়ের জন্য ৭১০ জন এবং সব বিষয়ের জন্য ২ হাজার ৮৭৪ জন।
শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, এবারের রংপুর বিভাগের ৮টি জেলার ২৮০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে দিনাজপুর জেলার ৬২টি কেন্দ্রে ৩৮ হাজার ১৩২ জন। ঠাকুরগাঁও জেলার ২৪টি কেন্দ্রে ১৭ হাজার ৯৮৪ জন। পঞ্চগড় জেলার ২২টি কেন্দ্রে ১২ হাজার ৪৯৬ জন। রংপুর জেলার ৫১টি কেন্দ্রে ৩২ হাজার ৯৮৫ জন। গাইবান্ধা জেলার ৪০টি কেন্দ্রে ২৫ হাজার ৩০৩ জন। নীলফামারি জেলার ২৭টি কেন্দ্রে ২১ হাজার ১২১ জন। কুড়িগ্রাম জেলার ৩৪টি কেন্দ্রে ২০ হাজার ৫৩৪ জন। এবং লালমনিরহাট জেলার ২০টি কেন্দ্রে ১৩ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
এবছরও সর্বাধিক পরীক্ষার্থী দিনাজপুর জেলার ও সব চাইতে কম পরীক্ষার্থী পঞ্চগড় জেলার।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. তৌহিদুল ইসলাম বলেন, "এবারে এসএসসি পরীক্ষায় শান্তিপূর্ণ ও ত্রুটিমুক্ত পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে একাধিক ভিজলেন টিম গঠন করা হয়েছে। স্কুল শিক্ষকদের সমন্বয়ে নিয়মিত ভিজিলেন্স টিম পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালন করবেন"।
এছাড়া বোর্ডের নিজস্ব কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ৭টি ঝটিকা ভিজেলেন্স টিম গঠন করা হয়েছে। এ ঝটিকা ভিজিলেন্স টিম গুলো বোর্ডর সবগুলো পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের দায়িত্ব পালন করবেন। সব মিলিয়ে এবারে এসএসসি পরীক্ষা ত্রুটি মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।





























