
নারায়ণগঞ্জের ফতুল্লায় দিনেদুপুরে এক সাংবাদিকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরের আলমারি ও ওয়্যারড্রোপ ভেঙে প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে গেছে। ভুক্তভোগীর দাবি, লুট হওয়া স্বর্ণালংকারের বাজারমূল্য প্রায় ৩২ লাখ ১০ হাজার টাকা।
সোমবার (২৩ মার্চ) দুপুরে সদর উপজেলার ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের পাগলা নয়ামাটি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক এ এস এম তৌফিকুন্নবী (৪৪) সন্ধ্যায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ এস এম তৌফিকুন্নবী দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির প্রধান কার্যালয়ে কর্মরত একজন সিনিয়র ভিডিও এডিটর। তিনি দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে প্রতিষ্ঠানটিতে কাজ করছেন।
তৌফিকুন্নবী জানান, তিনি সকালে ঢাকায় কর্মস্থলে যান। দুপুর ১২টার দিকে তাঁর মা ফাতেমা বেগম (৭০) ফ্ল্যাটে তালা দিয়ে একই বাড়ির দ্বিতীয় তলায় যান। পরে পৌনে ১টার দিকে ফিরে এসে দরজার তালা ভাঙা দেখতে পান। ঘরে ঢুকে আলমারি ও ওয়্যারড্রোপ ভাঙা এবং আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান তিনি।
লিখিত অভিযোগে তৌফিকুন্নবী উল্লেখ করেন, চোরেরা তাঁর কাঠের ওয়্যারড্রোপ ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা এবং তাঁর মায়ের কক্ষের স্টিলের আলমারি ভেঙে আরও ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।
তৌফিকুন্নবী বলেন, ঈদের ছুটিতে তাঁর স্ত্রী তিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে ছিলেন। তিনি কর্মস্থলের কারণে বাসায় একা না থাকায় এই সুযোগে চুরির ঘটনা ঘটে বলে ধারণা করছেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, চুরির ঘটনায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




































