
জুয়েল হাওলাদার, শরণখোলা প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলায় গভীর রাতে এক কৃষকের গর্ভবতী গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
ঈদের চাঁদ রাতেই গ্রামের কৃষক মো. দুলাল হাওলাদারের একমাত্র সম্বল গর্ভবতী গরুটি গোয়ালঘর থেকে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
গরুটির বাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী। গরুটির বাছুর জন্মানোর কথা ছিল আর মাত্র কয়েক দিনের মধ্যে। সেই বাছুরকে ঘিরেই পরিবারের ভবিষ্যতের আশা-ভরসা ছিল। কিন্তু সকালে ঘুম থেকে উঠে গরুটি না পেয়ে হতবাক হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় পরিবারটির ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সমাজের সবার প্রতি আহ্বান জানিয়েছেন।




























