
জাহিদ হাসান মুক্তার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ শিশু শিক্ষার্থী ফারিয়া রহমান নীহা'র (৯) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার দক্ষিণ চরটেকী এলাকার নদী থেকে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।
ফারিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামের আবদুর রহমানের মেয়ে এবং কটিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
এর আগে শুক্রবার বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয় ফারিয়া ও তার বড় বোন কাশ্মির রহমান নীলা (১৭)।পরিবারটি ভ্রমণের উদ্দেশ্যে পাকুন্দিয়ার দক্ষিণ চরটেকী বেড়িবাঁধ এলাকায় যায়, যা স্থানীয়ভাবে ‘মিনি কক্সবাজার’ নামে পরিচিত।সেখানে নদীতে ঘুরতে গিয়ে দুই বোনসহ চারজন একটি ছোট নৌকায় ওঠেন। একপর্যায়ে নৌকাটি হঠাৎ উল্টে গেলে পানিতে ডুবে যায় সবাই।স্থানীয়রা দ্রুত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিলেও বড় বোন নীলা ঘটনার দিনই মারা যান। ছোট বোন নীহা নিখোঁজ ছিল।
নিহত নীলাও একজন শিক্ষার্থী ছিলেন। দুই বোনের করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পাকুন্দিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন জানান, জননিরাপত্তা ও ব্যবস্থাপনার ঘাটতির কারণে ওই এলাকাকে সাময়িকভাবে ভ্রমণের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সব ধরনের নৌযান চলাচলও বন্ধ থাকবে। তিনি বলেন, “আমরা গভীরভাবে শোকাহত। ওই স্থানটি যেন ভবিষ্যতে সুরক্ষিত ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হয়, তা নিশ্চিত করে পর্যটনের জন্য পুনরায় চালু করা হবে।”





























