
কৃষ্ণ চন্দ্র দাস, ফেনী
ফেনী সদর উপজেলার লেমুয়া এলাকায় সেনাবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে ধরা পড়েছে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা মো. তাজুল ইসলাম (৩৪)।
রবিবার (২৭ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানে তার হেফাজত থেকে চুরি হওয়া পাঁচটি হোন্ডা মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার তাজুল ইসলাম ফেনী সদর উপজেলার রহিমপুর গ্রামের বাসিন্দা এবং ডা. এসহাকের পুত্র। অভিযান চালানোর সময় চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও প্রধান সর্দারকে আটকে সফল হয় সেনাবাহিনী।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরির ঘটনায় আতঙ্কে ছিলেন। তারা সেনাবাহিনীর এই কার্যকর অভিযানের প্রশংসা জানান এবং চক্রের অন্যান্য সদস্যদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।





























