
নারায়ণগঞ্জের ফতুল্লার রামারবাগ এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃতের নাম মোঃ ফারুক মিয়া (৫০)।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ফারুক মিয়ার নিজ বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নারায়ণগঞ্জের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকারের তত্ত্বাবধানে পরিদর্শক মোঃ এনামুল হকের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফারুক মিয়া মৃত রমিজ উদ্দিনের ছেলে। তার বাড়ি কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড, রামারবাগ এলাকায়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।




























