
নারায়ণগঞ্জের ফতুল্লায় গাঁজা সেবনকালে তর্কের জেরে সজীব দেবনাথ (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় পাগলা তালতলা এলাকার নদীতে ভাসমান একটি ড্রেজারে সজীব, রবি (১৭) ও সাজ্জাদ (১৮) মিলে গাঁজা সেবন করছিল। মাদক সেবনের একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এর জেরে রবি ও সাজ্জাদ মিলে গাঁজা কাটার ছুরি দিয়ে সজীবের পেটে আঘাত করে।
আঘাতে সজীব মাটিতে লুটিয়ে পড়লে রবি ও সাজ্জাদ পালানোর চেষ্টা করে। তবে স্থানীয়দের সহায়তায় ফতুল্লা থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুইজনকেই গ্রেপ্তার করে।
সজীব দেবনাথ বরগুনার সদর থানার শুশু কাঠপট্টির আশুতোষ দেবনাথের ছেলে এবং পাগলা বাজারের কর্মচারী ছিলেন।
ফতুল্লা মডেল থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, "মাদক সেবনের সময় তর্কের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবি ও সাজ্জাদ হত্যার কথা স্বীকার করেছে।"
স্থানীয়রা অভিযোগ করেন, পাগলার বিভিন্ন এলাকায় মাদকের ভয়াবহতা বেড়ে গেছে। মাদক সেবন ও বিক্রির কারণে যুবসমাজ ধ্বংসের পথে।





























