
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকায় পারহাউজের সামনে থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ফতুল্লা মডেল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করছিলেন ওই ব্যক্তি। তার পরিচয় বা কোনো আত্মীয়-স্বজনের খোঁজ না পাওয়া গেলেও এলাকাবাসী তাকে খাবার দিয়ে সহায়তা করতেন। শনিবার বিকেলে তিনি মারা যান।
এলাকাবাসীর মাধ্যমে বিষয়টি জানার পর স্থানীয় বিএনপি নেতা সাইদুল ইসলাম কাশীপুর ১নং ওয়ার্ডের মেম্বার ডালিম ও এলাকার মুরব্বিদের সঙ্গে নিয়ে পুলিশে খবর দেন।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) বাসার জানান, ঘটনাস্থলে গিয়ে মধ্যবয়সী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি কয়েকদিন ধরে এলাকায় অবস্থান করছিলেন। “মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আত্মীয়-স্বজনের সন্ধান না পাওয়া গেলে আইনগত প্রক্রিয়া শেষে তাকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে,” বলেন এসআই বাসার।





























