
নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়েজিদ (৭) নামে এক শিশুকে অপহরণের পর মুক্তিপণের টাকা না পেয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে দাপা ইদ্রাকপুর শৈলকুড়া এলাকায় সাহাবুদ্দিন হাজীর ইটভাটার পরিত্যক্ত ঝোঁপ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রতিবেশী ফেরদৌস চটপটি খাওয়ানোর কথা বলে বায়েজিদকে বাসার সামনে থেকে ডেকে নিয়ে যায়। পরে শিশুটির বাবাকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং হুমকি দেয়, টাকা না দিলে ছেলেকে হত্যা করা হবে। এরপর ফোন বন্ধ করে দেয় অপহরণকারী।
শিশুর বাবা সাইফুল আকন থানায় অভিযোগ করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত ফেরদৌসকে কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে আটক করে। তার দেওয়া তথ্য অনুযায়ী, ইটভাটার পাশে ঝোঁপের মধ্যে শিশুটির মরদেহ পাওয়া যায়।
নিহত বায়েজিদের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।





























