
আজিজুল ইসলাম:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম শাহাবুদ্দিন ডিগ্রি কলেজে ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একতা শক্তি যুব সংঘের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সমাজসেবক ও ব্যবসায়ী তওহিদ ইসলামের সহযোগিতায় ক্যাম্পের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও আজীবন চেয়ারম্যান খাইরুল ইসলাম খান।
ক্যাম্পে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ মাজহারুল আমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ শোয়েব মিয়া ও ডাঃ শামস আবরার রিদম বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন। এতে ছয় শতাধিক রোগী সেবা গ্রহণ করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মোরশেদ খান জানান, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ক্যাম্প আয়োজন করা হয়েছে। পাশাপাশি সংগঠনটি শিক্ষার্থীদের প্রতিযোগিতা, মসজিদ-মাদ্রাসা ও এতিমদের সহায়তা, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংশ্লিষ্টরা বলেন, একতা শক্তি যুব সংঘের এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





























