
মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা ঃ
গাইবান্ধা রেজিস্ট্রার অফিসে দীর্ঘদিন ধরে অবকাঠামোগত অব্যবস্থাপনা, জনবল সংকট এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন সেবা প্রত্যাশী সাধারণ মানুষ ও দলিল লেখকরা।
সরেজমিনে দেখা গেছে, অফিস ভবনের বিভিন্ন অংশে ফাটল, ছাদের প্লাস্টার খসে পড়া এবং অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের কারণে পুরো পরিবেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বর্ষা মৌসুমে পানি চুঁইয়ে পড়ায় গুরুত্বপূর্ণ কাগজপত্র সংরক্ষণেও বিঘ্ন ঘটছে, যা সেবা কার্যক্রমকে আরও জটিল করে তুলছে।
এদিকে, দীর্ঘদিন ধরে চলমান জনবল সংকটের কারণে অফিসের কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারী না থাকায় জমি রেজিস্ট্রেশনসহ বিভিন্ন সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
অফিস প্রাঙ্গণের চারপাশে সীমানা প্রাচীর না থাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এতে অনাকাঙ্ক্ষিত প্রবেশ ও বিশৃঙ্খলার ঝুঁকি তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত প্রাচীর নির্মাণ করা হলে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে।
সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন দলিল লেখক ও সেবা প্রত্যাশীরা। তাদের জন্য পর্যাপ্ত বসার জায়গা না থাকায় খোলা আকাশের নিচে বা অস্বাস্থ্যকর পরিবেশে অপেক্ষা করতে হচ্ছে। এতে একদিকে যেমন মানবিক দুর্ভোগ বাড়ছে, অন্যদিকে সেবার গুণগত মানও কমে যাচ্ছে।
ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, দ্রুত ভবন সংস্কার, পর্যাপ্ত জনবল নিয়োগ, চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ এবং দলিল লেখক ও সেবা প্রত্যাশীদের জন্য আধুনিক ও পর্যাপ্ত বসার ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত দৃষ্টি আকর্ষণ করে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী ও সেবাগ্রহীতারা।




























