
মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা:
আসন্ন এসএসসি পরীক্ষা ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে গাইবান্ধা জেলা প্রশাসন। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এবং ভার্চুয়ালি অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
সভায় জানানো হয়, চলতি বছর জেলায় মোট ৩৪ হাজার ৫২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে সাধারণ এসএসসি পরীক্ষার্থী গাইবান্ধা সদর, সাদুল্লাপুর, পলাশবাড়ী, ফুলছড়ি, সুন্দরগঞ্জ, সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলায় ছড়িয়ে রয়েছে উল্লেখযোগ্য সংখ্যায়। এছাড়া দাখিলে ৫,৯০৮ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিচ্ছে ২,৫৯৮ জন।
জেলায় মোট ৬৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে এসএসসি ৪২টি, দাখিল ১১টি এবং ভোকেশনাল ও দাখিল (ভোকেশনাল) মিলিয়ে ১৫টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও ভিডিও সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রের ২০০ গজের মধ্যে মোবাইল ফোন ও সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ থাকবে। পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পাশাপাশি কক্ষে কাঁটাওয়ালা ঘড়ি স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
সভা শেষে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তারা কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও পরিবেশ ঘুরে দেখে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লোকমান হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা প্রশাসক বলেন, “সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। এজন্য সকলের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।”
জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সার্বিক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে, যাতে পরীক্ষাটি স্বচ্ছ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করা যায়।






































