
মোঃ হাসানুজ্জামান গাংনী মেহেরপুরের গাংনীর মের্সাস হোসেন ফিলিং স্টেশনে তেল বিতরণে অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদ করায় মিরাজ হোসেন নামের এক কৃষককে মারধর করার অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল ৯টার দিকে তেল পাম্প কর্তৃপক্ষের ইন্ধনে মারধরের এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক মিরাজ হোসেন গাংনী উপজেলার জোড়পুকুর গ্রামের সিরাজ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাম্পে দীর্ঘদিন ধরে তেল বিতরণে অনিয়ম চলছে। লাইনে দাঁড়ানো কৃষকদের উপেক্ষা করে তেল পাম্প মালিক কর্তৃপক্ষ প্রভাবশালী ও পরিচিতজনদের তেল দিচ্ছে। এতে সাধারণ কৃষকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। তারা আরো জানান, ঘটনার দিন সকালে লাইনে দাঁড়িয়ে থাকা কৃষক মিরাজ হোসেন অনিয়মের প্রতিবাদ করলে তেল পাম্প কর্তৃপক্ষের ইন্ধনে এলাকার কয়েকজন প্রভাবশালীরা মিলে তাকে মারধর করে। হামলার শিকার হওয়া কৃষক মিরাজ হোসেন বলেন, তিনি ভোর সাড়ে তিনটা থেকে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু নিয়ম মেনে লাইনে না দাঁড়িয়েও অনেকেই ইচ্ছেমতো তেল নিয়ে চলে যাচ্ছিল। তিনি শুধু লাইনের নিয়ম মেনে তেল নেওয়ার কথা বলেছিলেন, আর সেটাই যেন তার অপরাধ হয়ে দাঁড়ায়। এ কারণে তেল পাম্প মালিক কর্তৃপক্ষের ইন্ধনে ৮ থেকে ১০ জন মিলে তাকে মারধর করে এবং তার জামাকাপড় ছিঁড়ে ফেলে। তিনি বলেন হোসেন ফিলিং স্টেশনের সিসি ক্যামেরা যাচাই করলেই পুরো ঘটনার সত্যতা ও তেল বিক্রিতে নানা অনিয়ম স্পষ্ট হবে। তিনি আরও বলেন, সিসি ক্যামেরায় যদি আমার দোষ প্রমাণ হয়, আমি শাস্তি মেনে নেব। আর যারা আমাকে অন্যায়ভাবে মারধর করেছে, তাদের বিচারও হতে হবে। প্রত্যক্ষদর্শী কৃষক মনু বলেন, পাম্পে কোনো নিয়ম মানা হচ্ছে না। তার ভাষায়, যার ক্ষমতা আছে, সে-ই তেল পাচ্ছে। তিনি জানান, নিজের কার্ড থাকা সত্ত্বেও তিনি তেল পাননি। তার সামনেই মিরাজ হোসেনকে অন্যায়ের প্রতিবাদ করায় মারধর করা হয়েছে বলে দাবি করেন তিনি। মনু আরও বলেন, যারা বেশি টাকা দিচ্ছে বা প্রভাবশালী, তারাই তেল পাচ্ছে। সাধারণ কৃষকরা ঠিকভাবে তেল পাচ্ছে না।এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, বিষয়টি তার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, কৃষক কে মারধর করা দুঃখজনক তবে যারা এটি করেছে ঠিক করেনি। বিষয়টা খোঁজ নিয়ে দেখছি।উল্লেখ্য এর আগে জ্বালানি তেল পরিমাণে কম দেয়ার অভিযোগে জরিমানা করেছিল ভ্রাম্যমান আদালত।





























