
মনোয়ার শাজাহানপুর প্রতিনিধি
বগুড়া জেলার শাজাহানপুরে সংঘটিত একটি গণধর্ষণ মামলার এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১০ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে পাবনা জেলার চাটমোহর থানার অন্তর্গত এক আত্মীয়ের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ভিকটিম (২২) স্বামীহারা হয়ে জীবিকার তাগিদে বগুড়া শহরের নিউ মার্কেট এলাকায় একটি বাসায় গৃহপরিচালিকার কাজ করছিলেন। এসময় আসামি মোঃ শাহাদৎ হোসেনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৩১ জুলাই দুপুরে বিয়ের কথা বলে সাতমাথায় ডেকে নেয় শাহাদৎ। পরে তাকে নিয়ে শহরের বিভিন্ন এলাকা ঘোরাফেরা করার পর সন্ধ্যায় শাজাহানপুর থানার জালশুকা গ্রামের জোড়া ব্রীজের পূর্ব পাশে নিয়ে যায়।
সেখানে শাহাদৎ ও তার দুই অজ্ঞাতপরিচয় বন্ধু রাত ৮টার দিকে ভিকটিমকে জঙ্গলের ভেতরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।
এ ঘটনায় পরদিন (১ আগস্ট) শাজাহানপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(৩)/৩০ ধারায় মামলা রুজু হয়। মামলার তদন্তভার গ্রহণ করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ করিম।
গ্রেফতারকৃতরা হলেন১. মোঃ শাহাদৎ হোসেন (৩০), পিতা- মৃত পালওয়ান, মাতা- মোছাঃ সোহাগী বেওয়া, সাং- জালশুকা, থানা- শাজাহানপুর, বগুড়া।
২. মোঃ আশরাফুল শেখ (৪১), পিতা- মোঃ আফছার আলী শেখ, মাতা- মোছাঃ আছমা বেগম, সাং- জালশুকা, থানা- শাজাহানপুর, বগুড়া।
পুলিশ জানায়, ঘটনার পর থেকে তারা পলাতক ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পাবনার চাটমোহর থেকে তাদের গ্রেফতার করা হয়।





























