
মজমুল হক গঙ্গাচড়া প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে ব্যার্থ হয়েছে দুই ছিনতাইকারী ।
বুধবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের কামার পাড়া ব্রিজের কাছাকাছি যায়গায় ঘটনাটি ঘটে। জানা যায় গঙ্গাচড়া ব্রাক পাড়া এলাকার অটোরিকশা চালক মজিদুল গঙ্গাচড়া হতে কয়েকজন যাত্রী নিয়ে কোলকোন্দ গোডাউনের হাটে যায়।
যাত্রীদের নামিয়ে দেওয়ার পরে ২ জন লোক স্থানীয় ছিল্লানীর বাজার যাওয়ার জন্য গাড়ীতে উঠে। এরপর ব্রিজের কাছাকাছি গেলে মজিদুলকে লোক দুটো অটোরিকশাটি থামাতে বলেন। অটোরিকশাটি থামালে মজিদুল (চালক) কে মাথার পিছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
এসময় মজিদুল মাটিতে পড়ে যায়। ইতিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের আলো দেখতে পেলে ছিনতাইয়ের চেষ্টাকারী লোক দুটো পালিয়ে যায়।
এরপর মজিদুল কোন রকমে অটোরিকশাটি চালিয়ে ছিল্লানীর মোড় এলাকায় যায়। মাথা থেকে প্রচুর পরিমানে রক্ত ঝড়ায় তাকে সেখান থেকে উদ্ধার করে কয়েকজন গঙ্গাচড়া হাসপাতালে ভর্তি করান।
বৃহস্পতিবার দুপুরে তার সাথে যোগাযোগ করা হলে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়। ঘটনাটি জানাজানি হলে এলাকার লোকজনের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা বলেন নব্বইয়ের দশকে সেখানে প্রায় চুরি ডাকাতির ঘটনা ঘটলেও দীর্ঘদিন ধরে সেখানে এমন ঘটনা ঘটেনি। এই এলাকায় এমন ঘটনা যাতে না ঘটে, প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনে এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।





























