
মোঃ রায়হান মাহামুদঃ
গাজীপুরের কালীগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত ও তিনজন আহত হয়েছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২১ জুলাই) গভীর রাতে ৭/৮ জনের একটি সংঘবদ্ধ দল উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের কাশেম শিকদারের পুত্র ফয়সাল শিকদারের বাড়িতে গরু চুরি করতে গিয়ে সেখান থেকে ধাওয়া খেয়ে গ্রামের অন্য দিকে চলে যায়।
এ সময় স্থানীয় লোকজন মাধবদীর বালুরচর গ্রামের জাকির মৃধার পুত্র শান্ত (২১), কালীগঞ্জের ভাটিরা গ্রামের ইসমাইলের পুত্র রুবেল (৩০) ও অনিল চন্দ্রের নওমুসলিম পুত্র আব্দুল্লাহ (২৮), কাপাসিয়ার চাঁদপুর গ্রামের হাফিজুল্লাহর পুত্র রিফাত (২৩) কে রাস্তায় আটক করে গণপিটুনি দেয়।
সোমবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষনা করেন এবং বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক রেফার্ড করেন।
উল্লেখ্য যে, কালীগঞ্জের বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনায় থানা পুলিশ ইতিপূর্বে ৭জনকে আটক করেছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেল) আসাদুজ্জামান জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষনা করা হয় এবং বাকিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বক্তারপুর ইউনিয়নের ব্রাক্ষণগাঁও গ্রামের মামুনের নেতৃত্বে তারা ওই এলাকায় গিয়েছিল বলে জানতে পেরেছি। তদন্ত চলমান আছে।





























