
নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জেলা শাখার উদ্যোগে পরামর্শ পরিষদ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জেলা কার্যালয়ে এ কর্মসূচি হয়।
সংগঠনের জেলা সভাপতি মুহাম্মাদ মামুনুর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মুহাম্মাদ হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ–এর কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি জেনারেল রহমাতুল্লাহ বিন হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।
প্রধান অতিথি বলেন, রমজান সংযম ও আত্মশুদ্ধির মাস। এই মাস মুসলমানের ব্যক্তি ও সামষ্টিক জীবনে শৃঙ্খলা, নৈতিকতা ও আত্মিক উন্নতির বার্তা নিয়ে আসে। তিনি কুরআনের আলোকে সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কল্যাণকর রাষ্ট্র গঠনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার বিকল্প নেই। আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি দাবি করেন, শরিয়া আইনভিত্তিক রাষ্ট্র পরিচালনার বিষয়টি তাদের দলের ঘোষণাপত্রে গুরুত্ব পেয়েছে।
সভাপতির বক্তব্যে মুহাম্মাদ মামুনুর রশীদ বলেন, সংগঠনটি রুহানিয়াত ও সংগ্রামের চেতনা নিয়ে ইসলামী আইন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। তিনি রমজানকে আত্মশুদ্ধির পাশাপাশি আদর্শিক জাগরণের সময় হিসেবে উল্লেখ করেন এবং ইসলামী আইনের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরার আহ্বান জানান।
পরামর্শ পরিষদের বৈঠক শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।





























