
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সৌদি আরবের মানবিক সহায়তা সংস্থা কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র কর্তৃক উপহার হিসেবে প্রেরিত খেজুর সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ছাতক উপজেলায় ২৮ কার্টন, দোয়ারাবাজারে ২৩ কার্টন, সুনামগঞ্জ সদরে ২৪ কার্টন, জগন্নাথপুরে ২২ কার্টন, তাহিরপুরে ২১ কার্টন, বিশ্বম্ভরপুরে ১৫ কার্টন, দিরাইয়ে ১৭ কার্টন, জামালগঞ্জ উপজেলায় ১৭ কার্টন, শাল্লায় ১৭ কার্টন, ধর্মপাশায় ১৭ কার্টন এবং মধ্যনগরে ১২ কার্টন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। সব মিলিয়ে জেলায় মোট ২২৬ কার্টন খেজুর বরাদ্দ দেওয়া হয়।
এরই প্রেক্ষিতে জামালগঞ্জ উপজেলায় বরাদ্দকৃত ১৭ কার্টন খেজুর ইতোমধ্যে বিতরণ সম্পন্ন হয়েছে। জানা যায়, গত মঙ্গলবার ও বুধবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে উপজেলার ৬টি ইউনিয়নের ৪৯টি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় মোট ১৩৬ প্যাকেট খেজুর বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর বলেন, জামালগঞ্জ উপজেলায় বরাদ্দকৃত ১৭ কার্টন খেজুর ১৩৬টি প্যাকেটে বিভক্ত করে উপজেলার ৬টি ইউনিয়নের ৪৯টি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ও দায়িত্বশীল ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়েছে। সুষ্ঠু ও সুন্দরভাবে বিতরণ সম্পন্ন হয়েছে।




























