
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরাফাত ইসলাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের সোনালী ব্যাংক সংলগ্ন শফিকুল ইসলামের বাসায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত ইসলাম উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কামলাবাজ গ্রামের ফাইজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলামের বাসায় বিয়ের অনুষ্ঠানের জন্য বাসার তিনতলায় ডেকোরেশনের আলোকসজ্জার কাজ করছিলেন আরাফাত। ঝাড়বাতি লাগানোর সময় বিদ্যুতের মেইন লাইনে শর্ট হয়ে তিনি ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।আহত অবস্থায় আশপাশের লোকজন দ্রুত তাকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ, মোঃ বন্দে আলী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের বাবা লিখিতভাবে জানিয়েছেন, মৃত্যুর বিষয়ে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।




























