
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
জামালগঞ্জ উপজেলায় জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ৫ দিনব্যাপী ভায়া ও সিবিই (ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন) ক্যাম্প শুরুর লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিইপিআই কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল বাতেন ও ডা. ওমর ফারুক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রব, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ম যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক, ২য় যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বিএনপি নেতা নূরে আলম ফরাজী ও মদরিছ আলী চৌধুরী, এনজিও প্রতিনিধি রহমত আরা শারমিনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ক্যাম্প চলাকালীন সময়ে নারীদের বিনামূল্যে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার (ভায়া টেস্ট) পরীক্ষা করা হবে। ক্যাম্পটি আগামী ০২ মে থেকে শুরু হয়ে ০৬ মে পর্যন্ত ১০টি কমিউনিটি ক্লিনিকে চলবে। প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্তের মাধ্যমে মৃত্যুঝুঁকি কমানো এবং নারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। উপজেলার ৩০-৬০বছর বয়সী সকল নারীদের বিনামূল্যের ভায়া ও সিবিই টেস্ট করার আহ্বান জানান এবং সবাইকে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার জন্য অনুরোধ করেন।




























