
জাহাঙ্গীর সরদার, বিশেষ প্রতিনিধি:
জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিতে টানা তৃতীয়বারের মতো জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে সাতক্ষীরা সামাজিক বন বিভাগ। বৃক্ষরোপণ কার্যক্রমে ধারাবাহিক সফলতার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার লাভ করে বিভাগটি।
শুক্রবার ঢাকার আগারগাঁওয়ে বন ভবনের হৈমন্তী মিলনায়তনে ‘জাতীয় বৃক্ষ মেলা ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হয়।
বন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বিশেষ অতিথি ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ডা. ফারহিনা আহমেদ ও অতিরিক্ত সচিব খাইরুল হাসান।
জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির “চ” শ্রেণীতে তৃতীয় স্থান অর্জন করে সাতক্ষীরা বন বিভাগ।
পুরস্কার গ্রহণ করেন সাতক্ষীরা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ।
তিনি বলেন, “এই পুরস্কার সাতক্ষীরাবাসীর। আমরা সম্মিলিতভাবে কাজ করেছি বলেই এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে প্রথম স্থান অর্জনের লক্ষ্যে পরিকল্পিতভাবে কাজ করে যাব।”
জিএম মারুফ বিল্লাহ আরও বলেন, “সাতক্ষীরাকে সবুজে রূপান্তর করতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। বেশি বেশি গাছ লাগাতে হবে, তাহলেই পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। সবাই একটু সচেতন হলে সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
উল্লেখ্য, এর আগেও সাতক্ষীরা সামাজিক বন বিভাগ দুইবার জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছিল। এবার নিয়ে টানা তিনবারের মতো এই অর্জন করলো বিভাগটি।





























