
মোঃ রায়হান মাহামুদ :গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় ওই মুক্তিযোদ্ধা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হলে পরদিন দুর্বৃত্তরা হাসপাতালে গিয়ে মামলা না করার জন্য তাকে হুমকি দিয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন।রোববার (২৫ মে) সন্ধ্যায় উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র রায় (৬৮) উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া গ্রামের বাসিন্দা এবং একজন অবসরপ্রাপ্ত শিক্ষক।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমির গাছ কাটা নিয়ে পরিমল চন্দ্র রায়ের সাথে একই গ্রামের বিমল ও কমল চন্দ্র রায়ের দীর্ঘ দিনের বিরোধ ছিল। রোববার তিনি গাছ কাটতে গেলে প্রতিপক্ষের নেতৃত্বে একদল দুর্বৃত্ত লাঠিসোটা ও দা নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি হাত, পা ও মাথায় মারাত্মক জখমপ্রাপ্ত হন। পরে আহতের চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।পরিমল চন্দ্র রায় জানান, জমিতে গাছ কাটতে গেলে প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে হাত-পা ভেঙে ও মাথা ফাটিয়ে দিয়েছে। এমনকি হাসপাতালে এসে মামলা না করতেও হুমকি দিয়েছে।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, আহত মুক্তিযোদ্ধা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় মামলা রুজু হয়েছে। ঘটনার সাথে জড়িত স্থানীয় সোবাহান মাষ্টারের পুত্র শেখ জুয়েলকে গ্রেফতার করে কোর্টে পাঠানো হয়েছে।





























