
সাদিয়াত হোসেন: কালিহাতী
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চর নাগর বাড়ি এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণের অভিযানে বিভিন্ন অপরাধে একটি ব্যক্তি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১১জুন)দুপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শিকদার শাহীনুর আলম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় চর নাগর বাড়ি এলাকায় তদারকি করে অবৈধ প্রক্রিয়ায় বেকারি খাদ্য সামগ্রী তৈরি অনুমোদনহীন ফ্লেবার, রাসায়নিক দ্রব্য ব্যবহার, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, বিএসটিআই এর অনুমোদন ব্যতীত লোগো ব্যবহার করায় মারহাবা এ-ওয়ান ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি কে ১০ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। এতে অভিযুক্ত প্রতিষ্ঠান তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করেন এবং ভবিষ্যতে সংশোধন হবেন মর্মে লিখিত অঙ্গীকার প্রদান করেন।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মেনে চলার অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যাম প্লেট বিতরণ করা হয়।
এ সময় তদারকিমূলক অভিযানে সহায়তা করেন সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব আনোয়ার হোসেন এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের একটি টিম। শিকদার শাহীনুর আলম বলেন, জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।





























