
গোলাম রাব্বি, লালপুর (নাটোর) প্রতিনিধি।
নাটোরের লালপুরে এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে শুভ (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগের পর ক্ষিপ্ত হয়ে ছাত্রীর বাবাকে মারধর করেছে অভিযুক্ত যুবক ও তার সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী বাবা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার এবি ইউনিয়নের শালেশ্বর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রীর মা বুলবুলি খাতুন জানান, কয়েক মাস ধরে স্কুলে যাওয়া-আসার পথে শুভ তার মেয়েকে উত্ত্যক্ত করছিল। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর থেকেই শুভ ও তার পরিবার নানাভাবে ভয়ভীতি দেখাতে থাকে।
তিনি বলেন, "বৃহস্পতিবার রাতে আমার স্বামী তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে শুভ ও তার লোকজন অতর্কিত হামলা চালিয়ে তাকে মারধর করে এবং মাথা ফাটিয়ে দেয়। এখন তারা আমাদের হুমকি দিচ্ছে যেন থানায় আর অভিযোগ না করি।"
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শুভর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, "আমরা এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
পরে বিষয়টি সেনাবাহিনী অবগত হলে, তাদের একটি টহল টিম অভিযুক্ত রিয়াদ ও তার পিতা মসলেম কে আটক করে এবং লালপুর থানায় হস্তান্তর করে।





























