
গোলাম রাব্বি, লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাইদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সবুজ নামে আরেকজন আহত হয়েছেন।
শুক্রবার (২৮ মার্চ ২০২৪) বিকেলে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের গৌরীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইদুল ইসলাম উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া গ্রামের হাজী মো. ইউনুস আলীর ছেলে। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। আহত সবুজ একই গ্রামের মহোসিন আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মাইদুল ইসলাম বিকেলে ঈদের বাজার করে মোটরসাইকেলে করে আরামবাড়ি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। গৌরীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী একটি দ্রুতগামী সাদা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৩৯-১৪৩৬) তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা মাইদুলকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু পথিমধ্যে রাজশাহীর বর্ণালীর মোড় এলাকায় সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ওয়ালিউজ্জামান জানান, মাথায় মারাত্মক আঘাতের কারণে মাইদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল, কিন্তু পথিমধ্যে তার মৃত্যু হয়। আহত সবুজকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, "মোটরসাইকেল ও প্রাইভেটকারের সংঘর্ষে দুজন গুরুতর আহত হন। তাদের মধ্যে মাইদুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও প্রাইভেটকারটি থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।"





























