
গত মার্চ মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৫৩২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ২ হাজার ২২১ জন। শনিবার রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে সারা দেশে ৫৭৬টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনা, ২১৯টি। এতে প্রাণ হারিয়েছেন ২০৪ জন, যা মোট নিহতের ৩৮ দশমিক ৩৪ শতাংশ।
রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, নিহতের মধ্যে ৬৬ জন নারী ও ৯৮ জন শিশু রয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৭৯ জন পথচারী, যা মোট নিহতের ১৪ দশমিক ৮৪ শতাংশ। আর যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৬ জন, অর্থাৎ ১২ দশমিক ৪০ শতাংশ।
একই সময়ে সারা দেশে ১৪টি নৌ-দুর্ঘটনায় ১২ জন নিহত, ২৭ জন আহত এবং ৩ জন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া ৪৮টি রেল দুর্ঘটনায় ৬৭ জন নিহত এবং ২২৪ জন আহত হয়েছেন।
সংস্থাটির পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৭১টি জাতীয় মহাসড়কে, ২৬৪টি আঞ্চলিক সড়কে, ৭০টি গ্রামীণ সড়কে, ৬২টি শহরের সড়কে এবং ৯টি অন্যান্য স্থানে সংঘটিত হয়েছে। এর মধ্যে ১৬৬টি মুখোমুখি সংঘর্ষ, ২৩১টি নিয়ন্ত্রণ হারিয়ে, ৮৬টি পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়া, ৮২টি যানবাহনের পেছনে আঘাত করা এবং ১১টি অন্যান্য কারণে ঘটেছে।
সময়ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে সকালে, যা মোট দুর্ঘটনার ২৩ দশমিক ২৬ শতাংশ। এ ছাড়া ভোরে ৬ দশমিক ৪২ শতাংশ, দুপুরে ২২ দশমিক ৯২ শতাংশ, বিকেলে ১৭ শতাংশ, সন্ধ্যায় ৯ দশমিক ৩৮ শতাংশ এবং রাতে ২১ শতাংশ দুর্ঘটনা ঘটেছে।
































