
আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ৮ লক্ষ টাকার ভারতীয় প্যান্ট তৈরির থান কাপড়সহ একজনকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে উবদাখালী নদীর তীরে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
পুলিশ জানায়, ভারতীয় সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে আনা এসব কাপড় মধ্যনগর বাজার থেকে মধ্যনগর উবদাখালী নদীতে শহীদ আয়তুল্লাহ ব্রিজ এলাকায় পৌঁছালে অভিযান চালিয়ে ১০১ পিস (মোট ১৩১৩ গজ) ভারতীয় প্যান্ট তৈরির থান কাপড় জব্দ করা হয়।এ সময় চান্দালীপাড়া গ্রামের মোঃ মিলন মিয়ার ছেলে মোঃ উমর ফারুক (৩২)কে আটক করা হয়।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান জানান, "সরকারি শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় কাপড়সহ একজনকে আটক করা হয়েছে। জব্দকৃত পণ্য ও আটক ব্যক্তিকে যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।





























