
আতিক ফারুকী,নিজস্ব প্রতিবেদক:
সুনাঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মোশাহিদ তালুকদার তার বিরুদ্ধে ওঠা গোচারণভূমি ও উন্মুক্ত জলাশয় দখলের অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলনের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
বুধবার (২ই জুন) দুপুর আড়াইটায় মধ্যনগর বাজারস্থ নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মোশাহিদ তালুকদার বলেন, “একটি কুচক্রী মহল রাজনৈতিক ও সামাজিকভাবে আমাকে হেয় করার উদ্দেশ্যে গতকাল মিছিল ও মানববন্ধনের আয়োজন করে এবং ইউএনও বরাবর মিথ্যা অভিযোগ দাখিল করে।”
তিনি দাবি করেন,উপজেলার করুয়াজান মৌজার যে জমিকে গোচারণভূমি বলা হয়েছে, সেটি তার ছোট ভাই মোবাশ্বির আলমের ক্রয়কৃত বৈধ সম্পত্তি এবং এ সংক্রান্ত সকল বৈধ কাগজপত্র কর্তৃপক্ষকে প্রদর্শনের জন্য প্রস্তুত রয়েছেন। একইসঙ্গে জলাশয় দখলের অভিযোগকেও অস্বীকার করে বলেন, “আমি কাউকে জলাশয়ে প্রবেশে বাধা দিইনি। বরং এসব অভিযোগ রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।”
তিনি আরও অভিযোগ করেন, “এই ষড়যন্ত্রের নেপথ্যে আওয়ামী লীগের একটি চক্র কাজ করছে, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে।”
সংবাদ সম্মেলনে তিনি অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।





























