
শরীয়তপুরের মেঘনায় ট্রলারডুবির ঘটনায় শাওন (১৮) ও হৃদয় (২৬) নামে আরও দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার হলো। তবে এ দুর্ঘটনায় এখন নিখোঁজ রয়েছেন একজন।
শুক্রবার (২ আগস্ট) রাতে মেঘনার মাঝেরচর এলাকায় জেলেদের জালে আটকা পড়ে শাওনের মরদেহ। আর আজ (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়।
শাওন পুরান ঢাকার ধোলাইখালের শাহজাহান বেপারীর ছেলে। হৃদয়ের বিস্তারিত জানা যায়নি।
স্থানীয়রা জানান, শুক্রবার বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে ট্রলার ডুবে মৃত্যু হয় মা ও বোনের। এ ঘটনায় আহত পাঁচজন গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
শুক্রবার সকাল ১০টায় কোদালপুর লঞ্চঘাট থেকে ট্রলারে একই পরিবারের আটজনসহ ১১ জন মাঝেরচর যাচ্ছিলেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রলারটি মাঝনদীতে ডুবে যায়।





























