
মো কামরুল হোসেন সুমন,মনপুরাঃভোলার মনপুরা উপজেলার বিশিষ্ট রাজনীতিবিদ ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদার গতকাল মৃত্যবরন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫৪ বছর।পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (২০-মার্চ- ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।আব্দুল মান্নান হাওলাদার মনপুরা উপজেলার রাজনীতিতে এক পরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন।তিনি দীর্ঘদিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।তাঁর রাজনৈতিক দক্ষতা ও সাংগঠনিক নেতৃত্ব স্থানীয় রাজনীতিতে বিশেষভাবে প্রশংসিত ছিল।রাজনীতির পাশাপাশি তিনি জনপ্রতিনিধি হিসেবেও সুনাম অর্জন করেন।২নং হাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, জনসেবা ও মানুষের কল্যাণে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।তাঁর বিনয়ী আচরণ ও জন-বান্ধব মনোভাবের কারণে দল-মত নির্বিশেষে তিনি সকলের কাছে শ্রদ্ধাভাজন ছিলেন।তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।শোকবার্তায় তাঁরা বলেন, আব্দুল মান্নান হাওলাদারের মৃত্যুতে মনপুরাবাসী একজন দক্ষ অভিভাবক ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদকে হারিয়েছে। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।পরিশেষে, মরহুমের মরদেহ ঢাকা থেকে নিজ জন্মভূমি মনপুরায় নিয়ে আসা হয় পরে আজ শনিবার ২১-মার্চ-২০২৬ সকাল ১১টায় মনপুরা সরকারি ডিগ্রি কলেজ মাঠে তাঁর নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে।তার জানাজায় মনপুরার হাজারো মুসুল্লির ঢল দেখা গেছে।তার আত্মার মাগফেরাত কামনা করেন মুসুল্লিরা।




























