
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলাম বিদ্বেষী’ বলে মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে সিরাজগঞ্জের চৌহালী আমলি আদালতের বিচারক সুমন ভুঁইয়া এ আদেশ দেন।
এর আগে গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবীর কর্নেল বাদী হয়ে মামলাটি করেছিলেন। পরে বিচারক সুমন ভুঁইয়া মামলাটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী ও সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার) বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকু সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন। তিনি বিভিন্ন মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠার সঙ্গেও যুক্ত। কিন্তু মুফতি আমির হামজা অযাচিতভাবে একটি বক্তব্যে ইকবাল হাসান মাহমুদকে নাস্তিক বলেছেন, এটি ধর্ম ও আইন বিরুদ্ধ।’
এতে বাদী হুমায়ন কবির সংক্ষুব্ধ হয়ে সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের চৌহালী উপজেলা আমলি আদালতে দণ্ডবিধি ২৯৬/৫০০/৫০৪ ধারায় মানহানির মামলাটি করেন। মামলাটি আমলে নিয়ে আদালত প্রথমে সমন জারির নির্দেশ দেন। শুনানি শেষে মঙ্গলবার মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।




























