
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল শনিবার (২২ মার্চ) বিকালে শহরের বাঙলা ভবন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এই আয়োজনটি প্রানবন্ত হয়ে ওঠে।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার। সঞ্চালকের দায়িত্বে ছিলেন মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর মমিনুল হক সরকার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। এছাড়াও গণ অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইলিয়াস আহমদ, জমিয়তে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি মাওলানা ফেরদাউস উর রহমান, ইসলামী আন্দোলন মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ এবং ইসলামী ছাত্রশিবির মহানগর সেক্রেটারি অমিত হাসান বক্তব্য প্রদান করেন।
বক্তারা তাদের বক্তব্যে অতীতের ফ্যাসিস্ট সরকারের নির্যাতন ও ষড়যন্ত্রের বিষয়টি তুলে ধরে বলেন, জামায়াতে ইসলামীর ওপর জুলুমের মাত্রা তুলনামূলকভাবে বেশি ছিল। এখনো ষড়যন্ত্র চলছে, কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করব।
তারা আরও বলেন, জুলাই বিপ্লবের স্পিরিটকে নষ্ট হতে দেওয়া যাবে না। অতীতের যেকোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার ছিলাম এবং থাকব।
ইফতারের পূর্ব মুহূর্তে বিশেষ দোয়া পরিচালনা করেন জামায়াতে ইসলামীর প্রবীণ নেতা মাওলানা মঈনুদ্দিন আহমাদ। এতে মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য এবং দেশের কল্যাণ কামনা করা হয়।
এই ইফতার মাহফিল রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্বদের নিয়ে এক মিলনমেলায় পরিণত হয়।





























