
হত্যা মামলাসহ ১৪টি মামলার পলাতক দুর্ধর্ষ আসামি মোফাজ্জল হোসেন চুন্নু (৫০) কে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার নয়ামাটি এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বুধবার (২১ মে) দুপুরে র্যাব-১১ এর সিপিসি-১ এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।
চুন্নু নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার কুতুবপুরের বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, মাদক, চুরি ও হত্যাচেষ্টাসহ অন্তত ১৪টি মামলা রয়েছে।
চুন্নু সম্প্রতি আলোচিত এক হত্যাকাণ্ডের ৪ নম্বর আসামি। গত ১ মে ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় গৃহবধূ লামিয়া আক্তার ফিজা (২১) হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় তার নাম উঠে আসে। নিহত ফিজা ছিলেন স্বামী আসাদুজ্জামান মুন্নার পরকীয়ার শিকার এবং স্বজনদের অভিযোগ অনুযায়ী পারিবারিক নির্যাতনের কারণে তাকে হত্যার পর আত্মহত্যা বলে সাজানো হয়।
ভিকটিমের পরিবার জানায়, ঘটনার দিন বিকালে একটি ফোনকলের মাধ্যমে তারা জানতে পারেন, ফিজাকে তার স্বামী ও অন্য আসামিরা মারধর করে ঘরে আটক রেখেছে। সন্ধ্যায় পরিবারের সদস্যরা গিয়ে দেখেন, ফিজার মরদেহ জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না ও গামছা পেঁচানো অবস্থায় ঝুলছে। শরীরে আঘাত ও দাগের চিহ্ন ছিল।
ঘটনার পর ফিজার বাবা মোহাম্মদ আলী বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা (নং-৯, ৬ জানুয়ারি ২০২৫, ধারা ৩০২/৩৪) দায়ের করেন। মামলা দায়েরের পর র্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে চুন্নুকে শনাক্ত করে গ্রেপ্তার করে।
চুন্নুকে ফতুল্লা থানায় হস্তান্তর করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।





























